স্মৃতিতে আবদুল মান্নান ভূইয়া বিশ্ববিদ্যালয় কলেজ
ফেসবুকের কল্যাণে একটি লেখা প্রায়ই নিউজফিডের সামনে আসে। তা হল মানুষের জীবনে নাকি তিনটি পর্যায় থাকে। এক নম্বর, ছাত্র জীবন। বন্ধু আছে, সময় আছে কিন্তু টাকা নেই। দুই নম্বর, কর্মজীবন। বন্ধু আছে, টাকা আছে কিন্তু সময় নেই। শেষ তিন নম্বরে আছে, বৃদ্ধ জীবন। সময় আছে, টাকা আছে কিন্তু বন্ধু নেই।
বন্ধুর প্রয়োজনীয়তা জীবনের প্রতিটি স্তরেই বিদ্যমান। আমার কাছে মনে হয়, বন্ধুত্বই একমাত্র সম্পর্ক যেখানে রক্তের কোন যোগাযোগ বা আত্মীয়তা না থাকলেও একের জন্য অন্যের মন কাঁদে।
'স্মৃতিতে আব্দুল মান্নান ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ' নামের গ্রুপটার আমন্ত্রণ পেয়েই সাথে সাথে ঢু মারলাম গ্রুপে। মনে আশা, পুরনো সেই বন্ধুদের গ্রুপে পাবো। স্যারদের দেখতে পাব। তাদের লেখা দেখতে পাবো। তাদের পরামর্শ পাবো। বন্ধুদের সাথে আগের মত দুঃখ সুখের কথা গুলো ভাগ করে নিতে পারবো।
আমাদের প্রিয় কলেজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কার্যকরী গ্রুপ থাকুক সেটা সবসময় চেয়েছি। কলেজের স্মৃতি, ক্লাসের স্মৃতি আর আড্ডার স্মৃতি গুলো সবার মাঝে জানাতে ও জানতে পারবো এমন একটা মাধ্যম চেয়েছিলাম।
ভাগ্যদেবী সুপ্রসন্ন। পেয়ে গেলাম এমন একটা গ্রুপ। ধন্যবাদ বন্ধু শামীমকে। গ্রুপে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ও তোমাদের একজন হিসেবে আমাকে স্থান করে দেওয়ার জন্য। এই গ্রুপ খোলার জন্য ছোট ভাই দিক্তকে জানাই অন্তর থেকে জানাই ভালোবাসা। প্রিয় কলেজ থেকে পড়ে আসা আমরা সবাই মিলে একটি বৃহৎ পরিবার। এর দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে তাহলে সুদূরপ্রসারি হবে আমাদের পথ চলা।

কোন মন্তব্য নেই