স্মৃতিতে আবদুল মান্নান ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ ফেসবুক গ্রুপের নির্বাচিত লেখাগুলো নিয়েই আমাদের এই আয়োজন

দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না

“দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না—
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।”
কবি গুরুর এই গানের শুধুমাত্র এই চরনগুলো কানে ভাসলেই মনটা হুহু করে উঠে। মাঝে মাঝে হয়তো চোখের কোনে জমা হয় এক বিন্দু জল। মনের ভিতরে যে মন আছে সে হয়তো তার স্বরে চিৎকার করে বলে, “তুই ফেলে এসেছিস কারে মন, মনরে আমার।”
 
 
সেই স্মৃতিমধুর, হাসিতে মাখা, সোনায় নোয়ানো স্মৃতি ফেলে এসেছি আবদুল মান্নান ভূ্ঁইয়া কলেজের স্বপ্নময়, মায়াময়, মমতা জড়ানো সবুজ আঙিনায়। প্রতিটি ঘাসের ডগায় জড়িয়ে ছিলো যে স্মৃতি সে স্মৃতি আজ অন্ধের মতো হাতরে ফিরি প্রতিনিয়ত। হাহাকার করি খাচাঁয় বন্দি অসহায় পাখির মতো।
 
 
জীবনের যত মধুর সময় কেটেছে, যত ভাবনাহীন সময় কেটেছে তার অধিকাংশ সময়ই কাটিয়েছি কলেজের বারান্দায়, ক্লাসে-ক্লাসে। প্রিয় শিক্ষকদের সহচর্য সেদিন এতই আপন হয়ে উঠেছিলো যে কলেজকে মনে হতো স্বর্গোদ্যান। তাদেরও ধ্যান-জ্ঞান, কর্ম-সাধনা সবই ছিলো আমাদের জন্য।
 
 
প্রিয় কিছু বন্ধু, যাদের জন্য, যাদের সহচর্য পাওয়ার জন্য কখনোই কলেজ কামাই দিতাম না। তাদের ছাড়া তখন একটি দিনও ভাবতে পারতাম না। তাদের ছাড়া জল শূণ্য মিনের মতো মনে হতো নিজকে। বন্ধুত্বের বাঁধনে-মায়ায়-ছাঁয়ায় এতটাই বুঁদ হয়ে থাকতাম যে কখন কবে যে ইন্টারমেডিয়েটের কোর্স শেষ হয়ে গেলো, দুই বছর কোথা দিয়ে চলে গেলো টেরই পেলাম না।
 
 
সেই স্মৃতি আজও হাতরে ফিরি মনের ভিতর অবচেতন মনে। আর মনকে শান্ত করি এই ভেবে যে, “কানার সুখ মনে মনে।”
 

 --রিপন চন্দ্র বর্মন



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.